এলএনজি ভাসমান টার্মিনালের ত্রুটি জটিল: কতক্ষণে মেরামত হবে অনিশ্চিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ২৪শে জুলাই ২০২৬):
চার দিনেও ত্রুটি মেরামত করা যায়নি মহেশখালীর এলএনজি ভাসমান টার্মিনালের। আরও কতদিনে মেরামত হবে তা এখনও নির্দিষ্ট করে বলতে পারছে পেট্রোবাংলা।
পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এনার্জি বাংলা জানিয়েছেন, এবারের ত্রুটি একটু জটিল। এর আগে যতবার এমন হয়েছে তার বেশির ভাগ সময় কয়েক ঘণ্টার মধ্যে মেরামত করা সম্ভব হয়েছে। কিন্তু এবার জটিল হওয়ায় সময় বেশি লাগছে। প্রশ্নের জবাবে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় যতগুলো এমন টার্মিনাল আছে তার মধ্যে এটি ভালো। এর সক্ষমতা ৮০ ভাগ। অন্য অনেক এমন স্থাপনার সক্ষমতা ৪০ ভাগ। দ্রুতই মেরামত হবে বলে তিনি জানান।
বাংলাদেশে দুটো এলএনজি ভাসমান টার্মিনাল আছে। একটা সামিটের অন্যটা এক্সিলারেট। এক্সিলারেটের টার্মিনালে এই ত্রুটি দেখা দিয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রায় প্রতিবছরই একাধিকবার বিকল হচ্ছে বা কারিগরি ত্রুটিতে পড়েছে ভাসমান এলএনজি টার্মিনাল। আর প্রতিবারই ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষের।
গ্যাস না থাকায় দুর্বিসহ ভোগান্তি নিয়ে দিন পার করতে হচ্ছে গ্রাহকদের। গ্যাস না থাকায় অনেক সিএনজি স্টেশনও বন্ধ। দু-একটি যেখানে খোলা সেখানে লম্বা লাইন।
আবাসিক বাণিজ্যিক শিল্প সব খাতেই স্থবিরতা চলছে গ্যাসের অভাবে। বিকল্প ও পাচ্ছেন না অনেকে। গ্যাসের অভাবে ৩৮টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। সার উৎপাদন ও নেই বললেই চলে। সিএনজি স্টেশন বন্ধ হয়েছে আগেই। শিল্প উদ্যোক্তারা রপ্তানি আদেশ পূরণ করা নিয়ে চিন্তিত।