এলপিজির দাম কমল

Oplus_131074

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬):

এলপি গ্যাস সিলিন্ডারের ১২ কেজির দাম ১৫ টাকা কমিয়ে এক হাজার ৩৪১ টাকা করা হয়েছে। যা আগে ছিল এক হাজার ৩৫৬ টাকা। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১১১ টাকা ৭৯ পয়সা।

সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এলপিজির উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ হারে মূসক করায় দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

১৬ই ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এলপিজি আমদানিতে মূসক কমিয়ে  প্রজ্ঞাপন জারি করে।

সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে  ৬১৫ টাকা, ১৫ কেজি এক হাজার ৬৭৭ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ৩১ টাকা।

সরকারি কোম্পানি এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত অর্থাৎ ৭৭৬ টাকা ৯৩ পয়সা আছে।

পরিবহনে ব্যবহার করা অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা।

নির্ধারিত দামের বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিইআরসি।