জ্বালানি তেল নিয়ে আতঙ্ক: ডিপো ও ফিলিং স্টেশনে সেনা-পুলিশ মোতায়েনের অনুরোধ বিপিসির
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ৮ই মার্চ ২০২৬):
জ্বালানি তেল নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ডিপোগুলোতে সেনাবাহিনী এবং ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন করার অনুরোধ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে বিপিসি।
শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো এক চিঠিতে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে নেতিবাচক খবর প্রচারের কারণে ভোক্তাদের মধ্যে অতিরিক্ত তেল কেনার প্রবণতা বেড়েছে। ফলে ফিলিং স্টেশন ডিলাররা আগের তুলনায় বেশি পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন।
চিঠিতে আরও বলা হয়, কিছু ভোক্তা প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল কিনে অননুমোদিতভাবে মজুদ করার চেষ্টা করছেন—এমন খবরও পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে ফিলিং স্টেশন থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ সীমিত করার বিষয়ে বিপিসি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে।
বিপিসি জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল ক্রয়কে কেন্দ্র করে ক্রেতা ও স্টেশনকর্মীদের মধ্যে অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
এ কারণে দেশের সব ফিলিং স্টেশনে পুলিশি টহল জোরদার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবহিত করা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে।