ডিপো থেকে তেল সরবরাহের সময় দুই ঘণ্টা আগালো

oplus_2

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ২৮শে মার্চ ২০২৬):

ডিপো থেকে তেল বিপণনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

শুক্রবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব ফিলিং স্টেশন, প্যাকড পয়েন্ট ডিলার ও পাম্পে জ্বালানি সরবরাহ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিলাররা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিপো থেকে জ্বালানি সংগ্রহ করতে পারতেন। নতুন সিদ্ধান্তে সরবরাহ কার্যক্রম দুই ঘণ্টা আগে শুরু হচ্ছে এবং দুই ঘণ্টা আগেই শেষ করা হচ্ছে।

বিপিসির এই সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের অধীনস্থ তিন বিপণন কোম্পানি—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানি—কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।