বিদ্যুৎ বিভাগের স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ২৯ নভেম্বর ২০২৬):

দেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে বলা হয়েছে।

রোববার বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এ অবস্থায় এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত চিঠিটি বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে নিরাপত্তা জোরদারের কোনো নির্দিষ্ট কারণ, সম্ভাব্য হুমকির ধরণ কিংবা বিশেষ কোনো স্থাপনার নাম উল্লেখ করা হয়নি।