ভোট কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ: সবোর্চ্চ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬):
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী সবোর্চ্চ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম এনার্জি বাংলাকে বলেন, বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। এখন এমনিতেই ঘাটতি নেই। প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের সকল প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান দোকানপাট সব বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা কম। তারপরও নয় হাজার থেকে বারো হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় কয়লা ও তেলের মজুদ রাখা হয়েছে বলেও জানান চেয়ারম্যান।
গ্যাস, তেল এবং কয়লা চালিত সব বিদ্যুৎকেন্দ্র চালু রাখা হবে। প্রয়োজনে তেল চালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হবে।
নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ভারতের আদানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে। মঙ্গলবার এক হাজার চারশ’ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে আদানি। যা আগে ৮শ’ মেগাওয়াট করা হচ্ছিল। রামপাল, মাতারবাড়িসহ অন্য বিদ্যুৎ কেন্দ্রেও প্রয়োজনীয় কয়লা মজুদ রাখা হয়েছে।
যেসব এলাকায় সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব নয়, সেখানে জেনারেটর বা বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রস্তুত রাখতে বলা হয়েছে সকল মোবাইল জেনারেটর।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করা হবে। কেন্দ্রীয় ও স্থানীয় নিয়ন্ত্রণ কেন্দ্র করা হয়েছে। জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে প্রতিটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পিডিবি’র সাথে আরইবিও সার্বক্ষণিক নজরদারি করবে। সব বিতরণ কোম্পানি স্ব স্ব এলাকায় জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে বিদ্যুৎ সরবরাহ করবে। মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর সংস্থা সমন্বয় করবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় সভায় যেসব এলাকায় লোডশেডিং হওয়ার সম্ভাবনা আছে, সেখানে তাৎক্ষণিক বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখতে বলেছেন।