সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং তিন দিন রাত ৮টা পর্যন্ত বিপণিবিতান খোলা থাকবে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ২৯শে নভেম্বর ২০২৬):

সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণি বিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।

মার্কেটে সৌর প্যানেল স্থাপনে পাঁচ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে সরকার।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সাথে অনুষ্ঠিত বৈঠকে ইকবাল হাসান মাহমুদ টুকু সভাপতিত্ব করেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, এলাকাভিত্তিক বন্ধের সমন্বয় করে কোন দিন কোন এলাকায় কয়টা পর্যন্ত দোকান খোলা থাকবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

দোকান মালিক সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব মার্কেট সৌর প্যানেল স্থাপন করতে চায়, সরকার তাদের পাঁচ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে। পাশাপাশি সৌর প্যানেলগুলো মানসম্পন্ন কি না তা নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এর পরও নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

বৈঠকে জানানো হয়, সারাদেশে প্রতিদিন তিন থেকে পাঁচ বার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। জনসাধারণ এটিকে লোডশেডিং ভাবলেও বাস্তবে তা বিদ্যুৎ বিভ্রাট। গড় হিসাবে একজন গ্রাহক বছরে এক হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন- যা গ্রহণযোগ্য নয়। কারণ একই ধরনের আবহাওয়ার দেশ থাইল্যান্ডে বছরে একবার ৫ থেকে ৭ মিনিট বিদ্যুৎ বিভ্রাট হয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।