অবৈধ মজুদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ৩০শে মার্চ ২০২৬):

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে তথ‍্য দিলে এক লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সোমবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে জানানো হয়,

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে স্থানীয় প্রশাসনকে ঠিক তথ‍্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে।

ইরান ইসরাইল যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর দেশে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা তৈরি হয়। প্রত্যেক ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। এখনও দীর্ঘ সময় অপেক্ষা করে যানবাহনের জন্য তেল নিতে হচ্ছে।

দাম বাড়তে পারে আর তেল শেষ হয়ে যেতে পারে এই দুই বিষয়ে আতঙ্কিত হয়ে অনেকেই বেশি তেল কিনেছেন। অনেকে অবৈধভাবে মজুদ করেছেন।

যদিও সরকার বারবার বলছে তেলের সংকট নেই, দাম বাড়ানো হবে না। তবু পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

এসব প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। প্রত্যেক ফিলিং স্টেশনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সংযুক্তি কর্মকর্তা বা ট্যাগ অফিসার। এখন এসে ঘোষণা করা হলো পুরস্কার।

বিপিসির তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে যে পরিমাণ তেল বিক্রি হতো গত কয়েকদিন তার প্রায় দ্বিগুণ তেল বিক্রি হচ্ছে।