এখন বাতি জ্বলে ঠিকই, কিন্তু জাতির কাঁধে বোঝা অনেক: বিদ্যুৎ মন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬):

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আমরা লোডশেডিং রেখে গিয়েছিলাম সত্য, কিন্তু জাতির কাঁধে বোঝা রেখে যাইনি। এখন বাতি জ্বলে ঠিকই, কিন্তু জাতির কাঁধে বোঝা অনেক। আমি মনে করি ঋণে ডুবে থাকার থেকে কষ্ট করে থাকা ভালো।

বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) নির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে সেখানে জ্বালানি সরবরাহের ব্যবস্থা নেই। বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না সেখানে বসিয়ে রেখে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। পুরোই হয-ব-র-ল অবস্থা।

তিনি বলেন, আমার সময় বিদ্যুতে সিস্টেম লস ছিল ৬ শতাংশ। ১৯ বছর পরে এসে দেখছি ১০ শতাংশ হয়ে গেছে। ১ শতাংশ সমান ৫০ লাখ টাকা। আমাদের লক্ষ্য হচ্ছে ৩ শতাংশে নামিয়ে আনা। প্রাথমিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ৫ শতাংশে নামিয়ে আনার জন্য। এটা করা গেলে লোকসান কমে আসে। না হলে দায় আরও বাড়বে। আইএমএফ এসে চাপ দিবে।

বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সমঝোতার কথা ভাবা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, যাতে উভয় পক্ষের স্বার্থ রক্ষা করা যায় সে জন্য সমঝোতার কথা ভাবা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে বলেন, আমি আগে যখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, ২০০৪ সালে  নীতিমালা করেছিলাম, তাতে বলা ছিল বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি অংশীদারিত্ব থাকবে ৩৫ শতাংশ, আর সরকারি থাকবে ৬৫ শতাংশ। পরবর্তী সরকার এটা মানেনি। এখন বেসরকারি অংশ হয়ে গেছে ৮২ শতাংশ। যে কারণে কোন নিয়ন্ত্রণ নেই। তারা জনগণের উপর দায় চাপিয়ে দিয়ে গেছে। এটা এতো টাকার দায়, ম্যানেজ করা কঠিন। বিদ্যুতের দাম বাড়াতে পারবো না। চেষ্টা করছি উইন উইন সিচুয়েশনে আনতে।

জ্বালানি মন্ত্রী বলেন, গ্যাস সংকট নিয়ে নিউজ হচ্ছে, এটা নিউজ নয়। গ্যাসের কূপ খনন করা হয়নি। ব্যবস্থাপনা জনিত কারণে কোন সমস্যা হচ্ছে না, তখন বলতে পারতেন। আমরা বিদেশের উপর নির্ভরশীল থাকতে চাই না। দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছি। রিগ কেনা হবে, সেখানে দক্ষ জনবল দরকার। সে জন্য পরিকল্পনা করা হচ্ছে, এ জন্য সময় দিতে হবে। কোয়ালিটি গ্যাস সরবরাহ আশা করা কঠিন, গ্যাস নাই আমি কি করবো। গরম যত বেশি আসবে গ্যাসের চাপ কমবে।

এফইআরবি বিদায়ী চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান এম আজিজুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী কমিটি ও নবনির্বাচিত কমিটির সদস্যদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এফইআরবি নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ।