জরুরি প্রয়োজনে সরাসরি তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬):
দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে মোট তিন লাখ মেট্রিক টন
ডিজেল কেনার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবার অনলাইনে এই সভা হয়।
অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এপি এনার্জি ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে এক লাখ মেট্রিক টন (৫৫ শতাংশ) ইএন ৫৯০-১০ পিপিএম মাত্রার ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড এর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে দুই লাখ মেট্রিক টন (ইএন ৫৯০ ইউরো ৫) ১০ পিপিএম মাত্রার ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এটি ছিল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৫-২৬ অর্থ বছরের ২৯তম এবং ২০২৬ সালের ৬ষ্ঠ সভা।