দুই সপ্তাহর ব্যবধানে দুইবার বাড়লো জেট ফুয়েলের দাম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬):

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে দুবার বাড়ানো হলো। এর আগে ২৪শে মার্চ জেট ফুয়েলের দাম বাড়ানো হয়।

দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েল ২২৭ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করেছে। নতুন ঘোষণায় প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২৫ টাকা বাড়ানো হয়েছে।

মার্চে জেট ফুয়েলের দাম ছিল ২০২ টাকা ২৯ পয়সা। তার আগে এই জ্বালানি বিক্রি হতো ১১২ টাকা ৪১ পয়সায়। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে প্রায় দ্বিগুণের কাছাকাছি দাম বাড়লো।

আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল ০ দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতি, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বিদ্যমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ মূল্য সমন্বয় করা হয়েছে।