পেট্রোল পাম্পের জন্য কর্মকর্তা সংযুক্তির সিদ্ধান্ত: তদারকির সাথে দেবেন দৈনিক প্রতিবেদন 

oplus_2

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ২৮শে মার্চ, ২০২৬):

দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন করে সংযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়।

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সংযুক্ত কর্মকর্তা নিয়োগ দেবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ছাড়া জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারী কর্মকর্তাকে নিয়োগ করবেন। এসব কর্মকর্তা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অথবা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন।