ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ১৫ টাকা ৯০ পয়সা: কমবে বিদ্যুৎ উৎপাদন খরচ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা রোববার ২২শে ফেব্রুয়ারি ২০২৬):
ফার্নেস অয়েল লিটারে ১৫ টাকা ৯০ পয়সা কমিয়ে ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ২৩শে ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর। এতে বিদ্যুৎ উৎপাদন খরচ কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করেছে।
বিইআরসি জানায়, চলতি বছরের ২৯শে জানুয়ারি বিইআরসি গণশুনানির পর সব প্রস্তাব ও মতামত বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণের পর আইনের আওতায় ক্ষমতা প্রয়োগ করে এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
ফার্নেস অয়েল বিপণনে পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল কোম্পানি এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির বিপণন চার্জ প্রতি লিটার ৭২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সমন্বিত পরিবহন চার্জ ধরা হয়েছে প্রতি লিটার ১ টাকা ২০ পয়সা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪ (৪) ও ৩৪ (৬) অনুযায়ী ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে।