মেয়াদ স্বল্পতার কারণে অনেক কাজ করা যায়নি: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬):

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মেয়াদের স্বল্পতার কারণে অনেক বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়ন করা যায়নি।
রোববার বিদ্যুৎ ভবনে জ্বালানি বিভাগের পাঁচটি অ্যাপ উদ্বোধন ও বিদ্যুৎ, জ্বালানি সংক্রান্ত মাস্টার প্লান নিয়ে পর্যালোচনা করেন জ্বালানি উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে বিদায়ী বক্তব্য দেন তিনি।
উপদেষ্টা বলেন, দুই বছরে বিদ্যুৎ জ্বালানির কোনো প্রকল্প বাস্তবায়ন করা যায় না। এই খাতে বিনিয়োগ দরকার ছিল যেটা আমরা পাইনি সরকারের স্বল্প মেয়াদের কারণে।

তিনি বলেন, সম্পদের হিসাব দিয়ে রেখেছি। আমার কোনো অভিলাষ নেই। আমার সম্পদ একটু বাড়তে পারে। কারণ আমার একটা গাড়ি ছিল সেটা বিক্রি করে দিয়েছি। এখন দায়িত্ব ছাড়লে আরেকটা গাড়ি কিনতে হবে। তখন সম্পদ আবার কমবে।

উপদেষ্টা বলেন, অনেক বিদেশি কোম্পানি বকেয়া না দিলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। এ কারণে তাদের বকেয়া আগে দিতে হয়েছে।
উপদেষ্টা বলেন, আদানির বিদ্যুৎ বন্ধ করে দিয়ে সরকার তার নিজের ইচ্ছার বাস্তবায়ন করছে এমন কিছু আমরা দেখাতে চাইনি। সেজন্য একটি পর্যালোচনা কমিটি করা হয়েছে। আন্তর্জাতিক চুক্তি ইচ্ছা মতো বাতিল করা যায় না বলে ও মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, দাবি করছি না যে সামনে একদম লোডশেডিং হবে না। তবে আগামীতে যেই সরকারে আসুক না কেন, একদম বিব্রতকর পরিস্থিতিতে পড়বে না। এলপি গ্যাসের সমস্যাটি বুঝতে সরকারের কিছুটা সময় লেগে গেছে। এখন যেভাবে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে তাতে কোনো সংকট হবে না।
অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ, পিডিবির চেয়ারম্যান রেজাউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।