যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি সই: কিছু পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬):

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ বাণিজ্য চুক্তি সই করেছে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের পাল্টা শুল্কহার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে পুরোপুরি শুল্ক তুলে নেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চুক্তিতে সই করেন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ এই চুক্তি করেছে।

চুক্তি সই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মূহুর্ত।

বাংলাদেশের শিল্পপ্রাসারে এই চুক্তি সহায়তা করবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমবে বলেও তিনি আশা করেন।