সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬):

সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ি নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ফেব্রুয়ারি মাস পর্যন্ত নেওয়া ঋণ মওকুফ পাবেন কৃষক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই ঋণ মওকুফের সিদ্ধান্ত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুন গনি সাংবাদিকদের একথা জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের কাছে প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা ঋণ আছে।

শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ব্যক্তি পর্যায়ে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ পাবেন কৃষক।

দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই ঋণ মওকুফের ফলে প্রায় ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় থেকে মুক্ত হতে পারবেন। ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সেই অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। এরফলে কৃষকদের ঋণমান ভালো হবে। ফলে তারা ব্যাংক থেকে আবার স্বল্প সুদে কৃষি ঋণ নিতে পারবেন। যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে।