১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ
ইবি ডেস্ক:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় আগামী ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ। একই সাথে দেশটি থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের কৃষিপণ্যও কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ক্রয় তালিকায় বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ যুক্ত হলে মোট লেনদেনের পরিমাণ আরও বাড়বে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, বোয়িংয়ের সঙ্গে ১৪টি বিমান কেনার চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে, যার সম্ভাব্য মূল্য প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা।
চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষিপণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। এসব পণ্যের মধ্যে রয়েছে রাসায়নিক দ্রব্য, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি ও মোটরযান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সরঞ্জাম, জ্বালানি পণ্য, সয়াবিন, দুগ্ধজাত পণ্য, গরুর মাংস, পোলট্রি, বাদাম ও বিভিন্ন ফল।
যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করেছে। কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হবে।