১২ কেজি এলপি সিলিন্ডারে দাম কমেছে ৫৫ টাকা

Oplus_131074

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ২রা জুন ২০২৬):

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। জুন মাসের জন্য ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার নতুন দাম ঘোষণা করেছে।

বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ে প্রতি কেজি ১৫৭ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা। মে মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা।

অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটারে দাম কমেছে ২ টাকা ৫৭ পয়সা।

জুন মাসে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের কনট্রাক্ট প্রাইস (সিপি), আমদানি ব্যয়, জাহাজভাড়া, ট্রেডার প্রিমিয়াম এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

চলতি মাসে প্রোপেনের সিপি প্রতি মেট্রিক টন ৭৬০ ডলার এবং বিউটেনের ৮২০ ডলার নির্ধারিত হয়েছে। গড় সিপি ৭৯৯ ডলার।

সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। সরকারি এলপি সিলিন্ডার ১২ দশমিক ৫ কেজির দাম আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা।

এপ্রিল মাসে মাত্র ১৭ দিনের ব্যবধানে দুই দফায় মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল এলপিজির দাম। মে মাসে সেই দাম অপরিবর্তিত রাখা হলেও জুনে এসে ৫৫ টাকা কমানো হলো।

২রা এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা করা হয়। পরে ১৯শে এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়।