ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪ টাকা ৫৯ পয়সা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ১২ই এপ্রিল ২০২৬):
ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে লিটারপ্রতি ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। লিটারে দাম বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা।
রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম নির্ধারণ করেছে।
ফার্নেস অয়েল সাধারণ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। এতে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে। একইসাথে
শিল্পখাত এবং বৃহৎ জ্বালানি নির্ভর প্রতিষ্ঠানের ব্যয় বাড়ার শঙ্কা আছে।
বিইআরসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিস্তারিত পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ফার্নেস অয়েলের মূল্য প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের নিয়ম আছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের গড় দর এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে।