বন্য প্রাণীর সুরক্ষায় ১০ সদস্যের ওয়াইল্ড লাইফ কমিশন গঠন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ২৪শে জুলাই ২০২৬):

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ১০ সদস্যের ওয়াইল্ড লাইফ কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

দেশের সংকটাপন্ন বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, বন্য প্রাণীর সুরক্ষা ও বন্য প্রাণী বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে কাজ করবে এই কমিশন। বাঘের সংখ্যা বাড়ানো এবং বন্যপ্রাণী ও মানুষের দ্বন্দ্ব নিরসনে কাজ করবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের প্রধান থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। সদস্যসচিব বন অধিদপ্তরের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক।

কমিটিতে সদস্য করা হয়েছে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বন্য প্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আলী রেজা খান, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আশরাফুল হক নোবেল, প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএন-এর বাংলাদেশ প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান এবং গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন।

কমিশনের কাজ নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে কমিশন হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণের উন্নয়ন, ব্যবস্থাপনা ও সুরক্ষার লক্ষ্যে অবৈধভাবে দখল মুক্ত করতে উদ্যোগ নেবে। জমি পুনরুদ্ধারের বিষয়সহ সার্বিক বিষয়ে পরামর্শ দেবে। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিতের লক্ষ্যে বনে ফলজ গাছ রোপণের পরিকল্পনাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণে পরামর্শ দেবে।

হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর নিকটবর্তী স্থানে বসবাসরত অধিবাসীদের জন্য বন্যপ্রাণী রক্ষা করার লক্ষ্যে জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনাসহ বন্যপ্রাণী ও মানুষের দ্বন্দ্ব নিরসনে কার্যক্রম গ্রহণে পরামর্শ দেবে। সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত এ সম্পর্কিত অন্যানা দায়িত্ব পালন করবে।

কমিশন প্রয়োজনে বিশেষজ্ঞ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। প্রতি ৬ মাসে ন্যূনতম এক বার অথবা বিশেষ প্রয়োজনে সময়ে সময়ে সভা আয়োজন করতে পারবে।