শ্রীকাইল–৫ কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ১৪ই মার্চ ২০২৬):
শ্রীকাইল–৫ কূপ থেকে প্রতিদিন গড়ে প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
শনিবার শ্রীকাইল–৫ মূল্যায়ন ও উন্নয়ন কূপ থেকে আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
কূপটিতে আনুমানিক ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আছে। উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২৮ বিলিয়ন ঘনফুট।
আগামী ১০ বছরে এই কূপ থেকে যে পরিমাণ গ্যাস পাওয়া যাবে তার বর্তমান বাজারমূল্যে প্রায় ৬ হাজার ৮৩২ কোটি টাকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী জাতীয় গ্রিডে ৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্য ঠিক করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশের নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়া আশাব্যঞ্জক ও ইতিবাচক।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার আমদানি নির্ভর জ্বালানি খাতকে ধীরে ধীরে দেশীয় সম্পদের ওপর ভিত্তি করে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করছে।
দেশে যে প্রাকৃতিক সম্পদ আছে তা কাজে লাগিয়ে জ্বালানিখাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাই। পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশের গ্যাসের চাহিদার উল্লেখযোগ্য অংশ দেশীয় উৎপাদন থেকেই সরবরাহ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. ইফানুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।