আইএমএফ থেকে নতুন ঋণ নিতে আলোচনা শুরু 

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ১৩ই জুলাই ২০২৬):

আইএমএফ এর কাছ থেকে নতুন ঋণ নিতে আলোচনা শুরু করেছে সরকার। কোন কোন ভিত্তির ওপর নির্ভর করে আগামী ঋণ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে সে বিষয়ে আইএমএফ এর সাথে আলোচনা করেছে অর্থ মন্ত্রনালয়।।

সোমবার মন্ত্রণালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশ ও হংকং বিষয়ক মিশন প্রধান ইভো ক্রজনার এর সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এতথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফ-এর সাথে নতুন কর্মসূচি কোন ভিত্তির ওপর পরিচালিত হবে, তা পরিষ্কার করা হয়েছে এবং প্রস্তাবিত ভিত্তিগুলোর ওপর তারা সম্পূর্ণ একমত। সংস্কার কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে ধাপে ধাপে পরিবর্তনগুলো আনা হবে। রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয় এবং আইএমএফ এ বিষয়ে সহমত।

 

তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কোন সংস্কার কখন করা প্রয়োজন, সেই অগ্রাধিকারের ভিত্তিতে ক্রমান্বয়ে পরিবর্তনগুলো বাস্তবায়ন করা হবে। আইএমএফ এই সিকোয়েন্সিংয়ের নীতিতে সায় দিয়েছে। এছাড়া একটি রাজনৈতিক সরকারের জনকল্যাণমূলক দায়বদ্ধতাকে আইএমএফ বিশেষভাবে সম্মান জানিয়েছে। দেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

 

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের চার মাসের মেয়াদে আর্থিক খাতের সংস্কার, শেয়ার বাজার ও ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন এবং রাজস্ব আদায়ে দৃশ্যমান অগ্রগতিতে আইএমএফ প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে ট্যাক্স আদায়কে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ইতিবাচক ধারা বজায় রেখে ট্যাক্স-জিডিপি অনুপাত আরও বাড়াতে সরকারের প্রস্তাবনাগুলো নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

ভর্তুকি প্রসঙ্গে অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, এখনই নির্দিষ্ট শর্ত নিয়ে আলোচনা হয়নি। মূলত নতুন কর্মসূচির মূল ভিত্তি তৈরি নিয়ে কথা হয়েছে। পরবর্তী সময়ে আলোচনার টেবিলে সকল বিষয়গুলো আসবে।

আইএমএফ এর সাথে করা আগের ঋণ চুক্তি থেকে বের হয়ে আসা হয়েছে বলেও জানান মন্ত্রী। অর্থমন্ত্রী জানান, আলোচনা একটি চলমান প্রক্রিয়া। আগামী অক্টোবরে ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক সভায় এ বিষয়ে পরবর্তী আলোচনা হবে।