পশ্চিমবঙ্গে ২৫০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে আদানি

সংবাদ বিজ্ঞপ্তি, ঢাকা (শনিবার, ২১শে  নভেম্বর ২০২৬):

ভারতের পশ্চিমবঙ্গে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড (এইএসএল)। প্রতিষ্ঠানটির শতভাগ মালিকানাধীন সহযোগী সংস্থা পাওয়ারপালস ট্রেডিং সলিউশনস লিমিটেড (পিটিএসএল) পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ডব্লিউবিএসইডিসিএল) থেকে এই কার্যাদেশ পেয়েছে।
কার্যাদেশ অনুযায়ী, পিটিএসএল ২৫ বছর ১ হাজার ৭৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে, যা দিনরাত চব্বিশ ঘণ্টা পাওয়া যাবে। কার্যাদেশে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার বিকল্প রাখা হয়েছে। সেটি কার্যকর হলে মোট চুক্তিবদ্ধ সক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৫০০ মেগাওয়াট।
প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ পেয়েছে পিটিএসএল। ই-রিভার্স নিলামের পর প্রতিষ্ঠানটি দরদাতা হিসেবে বিবেচিত হয়। সময়সূচি অনুযায়ী, ১ হাজার ৭৫০ মেগাওয়াট সরবরাহ শুরু হবে ২০২৮ সালের ১লা জুলাই থেকে। অতিরিক্ত ৭৫০ মেগাওয়াটের বিকল্প কার্যকর হলে ওই অংশের সরবরাহ শুরু হবে ২০২৯ সালের ১লা এপ্রিল।
এইএসএলের প্রধান নির্বাহী কন্দর্প প্যাটেল বলেন, ভারতের জ্বালানি রূপান্তরে চব্বিশ ঘণ্টার নবায়নযোগ্য বিদ্যুতের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। এতে নবায়নযোগ্য শক্তির টেকসই বৈশিষ্ট্যের সঙ্গে সঞ্চালন ব্যবস্থার সর্বোত্তম ব্যবহারও যুক্ত হয়। তাঁর ভাষ্য, এই বড় কার্যাদেশ পাওয়ায় মাপযোগ্য জ্বালানি সমাধান দেওয়ার অঙ্গীকার আরও জোরালো হলো। পশ্চিমবঙ্গের দীর্ঘমেয়াদি টেকসই বিদ্যুৎ চাহিদা পূরণে ডব্লিউবিএসইডিসিএলের সঙ্গে অংশীদার হওয়ার সুযোগও এতে তৈরি হলো।
এইএসএলের তথ্য অনুযায়ী,  প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় ৪.৬ গিগাওয়াট সৌর ও বায়ু বিদ্যুৎ এবং প্রায় ৩.৫ গিগাওয়াট ঘণ্টা ব্যাটারি সংরক্ষণ সক্ষমতার ব্যবস্থা করেছে।