গ্যাসসহ জ্বালানি সংকটে ৬৩টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ: বন্ধ আদানির একটি ইউনিট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ২২শে এপ্রিল ২০২৬):

গ্যাসসহ জ্বালানি সংকটে ছোট বড় ৬৩টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। একই সাথে কারিগরি ত্রুটিতে বন্ধ ভারতের আদানির একটি বিদ্যুৎ ইউনিট। সবমিলিয়ে প্রায় সাত হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র বন্ধ আছে। এতে সারাদেশে বিভিন্ন স্থানে ব্যাপক লোডশেডিং হচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে,

দেশে মোট ১৩৬টি বিদ্যুৎকেন্দ্র আছে । এরমধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ ৬৩টি কেন্দ্র থেকে বুধবার কোনো বিদ্যুৎ উৎপাদন হয়নি। এর বেশিরভাগই গ্যাস না থাকায় বন্ধ রাখা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন গড়ে প্রায় ২৫০ কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। সেখানে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস দেওয়া হচ্ছে গড়ে ৯৪ কোটি ঘনফুট। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে চাহিদার অর্ধেকেরও কম গ্যাস দেওয়া হচ্ছে।

পিডিবি সূত্র জানিয়েছে, ভারতের আদানির বিদ্যুৎ কেন্দ্রর দুই ইউনিট থেকে গড়ে এক হাজার ৪শ৮১ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। হঠাৎ কারিগরী ত্রুটির কারণে মঙ্গলবার রাতে একটি বিদ্যুৎ ইউনিট বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৭শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কম হচ্ছে।

এসব কারণে বিভিন্ন স্থানে বিদ্যুতের বিভ্রাট হচ্ছে।