বিদ্যুৎ গ্রিড বিপর্যয়: দুই তদন্ত কমিটি গঠন 

Oplus_131106

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬):

জাতীয় বিদ্যুৎ গ্রিড লাইন বিপর্যয়ের কারণ নিয়ে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে একটি এবং পিজিসিবি থেকে একটি।

গ্রিড লাইন বিপর্যয়ের কারণ উদঘাটন ও সুপারিশ দিতে অতিরিক্ত সচিব কে এম আলী রেজাকে আহ্বায়ক করে বিদ্যুৎ বিভাগ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটিকে প্রতিবেদন দিতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

কমিটি বিস্তারিত পর্যালোচনা করে ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না হয় সে জন্য করণীয় বিষয়ে সুপারিশ করবে।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ২৭ অক্টোবর ২০২৬ তারিখে সংঘঠিত আংশিক গ্রীড বিপর্যয়ের কারণ অনুসন্ধান এবং এ বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়নের জন্য গঠন করা কমিটিতে অন্যদের মধ্যে আছেন, পাওয়ার গ্রীড বাংলাদেশ এর সাবেক নির্বাহী পরিচালক (পিএন্ডডি) মো. আমির খসরু, বাবিউবো এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিস্টেম প্রটেকশন এন্ড টেস্টিং কমিশনিং) মো. আতিকুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রতিনিধি। কমিটির সদস্য সচিব পাওয়ার গ্রীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক (ওএন্ডএম) মোঃ আব্দুল মোনায়েম চৌধুরী।

কমিটি প্রয়োজনে উপযুক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে।

কমিটির কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ২৭শে অক্টোবর  সংঘটিত আংশিক গ্রীড বিপর্যয়ের কারণ চিহ্নিতকরণ; বর্ণিত গ্রীড বিপর্যয় রোধে সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়ন এবং গ্রিডের সুরক্ষার বিষয়ে প্রাসঙ্গিক অন্যান্য পরামর্শ প্রদান।

পিজিসিবির পাঁচ সদস্যের কমিটি:

বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সম্পর্কে মতামত ও সুপারিশ প্রণয়নে সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলী, প্রধান প্রকৌশলী (অতিঃ দায়িত্ব), সঞ্চালন-২ এর নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।

কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।