বিদ্যুৎ উৎপাদন শুরুর ‘সি’ ধাপে রূপপুর
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬):
অনুমোদন পাওয়ার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এ পাওয়ার স্ট্রাট আপ স্ট্রেজ সি-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর কমিশনিং কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এটি। ২৯শে অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে পাওয়ার স্ট্রাট আপ স্ট্রেজ সি শুরুর অনুমোদন দেয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে বিভিন্ন প্ল্যান্ট সিস্টেমের কার্যক্ষমতা ও সমন্বিত পরিচালনা পরীক্ষা ও যাচাই করা হবে। এর মধ্যে রিঅ্যাক্টর, প্রাইমারি ও সেকেন্ডারি সিস্টেম, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক ব্যবস্থা, ইন্সট্রুমেন্টেশন ও কন্ট্রোল, রিঅ্যাক্টর প্রোটেকশন এবং সেফটি সিস্টেমসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিস্টেম আছে।
রিঅ্যাক্টরের ক্ষমতা পর্যায়ক্রমে বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে প্রতিটি ধাপে নির্ধারিত পরীক্ষা ও মূল্যায়ন করা হবে। বিশেষভাবে টারবাইন কন্ট্রোল ও প্রোটেকশন সিস্টেম, জেনারেটর এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক ব্যবস্থার কার্যক্ষমতা পর্যবেক্ষণ ও যাচাই করা হবে।
স্টেজ সি এর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো নির্ধারিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর ইউনিট-১-এর জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা এবং স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহের দিকে অগ্রসর হওয়া। এ কার্যক্রম সংশ্লিষ্ট নিয়ন্ত্রক ও কমিশনিং চাহিদাপূরণ এবং প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে ধাপে ধাপে সম্পন্ন হবে।