শুনানির মাত্র পাঁচ কার্যদিবসেই বিদ্যুতের নতুন দাম ঘোষণা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ২রা জুন ২০২৬):
শুনানির মাত্র পাঁচ কার্যদিবস পরেই বিদ্যুতের নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার বিকেলে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করা হবে।
২০ ও ২১শে মে গণশুনানি হয়। এরপর তিন দিন অফিস হয়ে ঈদের ছুটি। ছুটির পর অফিস খুলতেই বিদ্যুতের নতুন দাম ঘোষণা করা হচ্ছে।
শুনানির পর এত দ্রুত সময়ে অতীতে কখনও দাম ঘোষণা হয়নি। সাধারণত শুনানির পর ৯০ দিনের মধ্যে দাম ঘোষণার বাধ্যবাধকতা আছে।
বিইআরসি সূত্র জানিয়েছে, সেচ, শিল্পসহ প্রায় সব গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানো হতে পারে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জন্য পাইকারি, সঞ্চালন এবং সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অর্থাৎ গ্রাহকপর্যায়ে খুচরা বিদ্যুতের নতুন দাম ঘোষণা করা হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবগুলোর বিষয়ে কমিশনের সিদ্ধান্ত বুধবার ঘোষণা করা হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার; পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) বিদ্যুতের সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাব দেয়। প্রস্তাবগুলোর ওপর ২০ ও ২১শে মে গণশুনানি হয়।প্রস্তাবগুলোর বিষয়ে কমিশনের সিদ্ধান্ত বুধবার বিকাল ৩টায় জানানো হবে।