মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল: মহাব্যবস্থাপক বরখাস্ত; দুঃখ প্রকাশ করলেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬):
মাগুরায় এক আবাসিক গ্রাহককে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে। এঘটনায় প্রাতিষ্ঠানিক দায়িত্বে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যান্য দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার বিদ্যুৎ মন্ত্রীর জরুরি নির্দেশনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়।
ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মন্ত্রী গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেন।
ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পর বিদ্যুৎ মন্ত্রী ভুক্তভোগী গ্রাহকের সাথে মুঠোফোনে সরাসরি কথা বলেন। ফোনালাপে মন্ত্রী অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর ফলে সৃষ্ট সাময়িক মানসিক বিড়ম্বনা ও উদ্বেগের জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেন। একই সাথে তিনি গ্রাহককে আশ্বস্ত করেন যে, ইতোমধ্যে বিলটি সংশোধন করে সঠিক বিল পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের যেকোনো সমস্যা সরাসরি কর্তৃপক্ষকে জানানোর জন্য তিনি অনুরোধ করেন।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর ২০২৬ মাসের ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লক্ষ ১১ হাজার ৫৯৩ টাকা বিদ্যুৎ বিল দেওয়া হয়। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই ঘটনা স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি হয়।
আরইবির প্রাথমিক তদন্তে জানা যায়, মিটার পরিবর্তনের সময় যান্ত্রিক অসাবধানতাবশত সিল নম্বরের অঙ্কগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হওয়ার কারণে এই ভুতুড়ে বিল তৈরি হয়েছিল। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর ঘটনার সাথে জড়িত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধেও বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও সেবাধর্মী প্রশাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। জনগণের দুর্ভোগ লাঘবে বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।