‘অফশোর মডেল পিএসসি ২০২৬’-এর নীতিগত অনুমোদন

বাসস, ঢাকা (বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬):

দেশের সমুদ্রাঞ্চলে জ্বালানি অনুসন্ধানের কাঠামোগত উন্নয়নে ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

এ ছাড়া সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ খাতে ভর্তুকি-সংক্রান্ত একটি প্রস্তাবও  আংশিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সিসিইএ’র এ বছরের ১৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত এই প্রস্তাবের লক্ষ্য হলো সমুদ্রবক্ষে হাইড্রোকার্বন বা খনিজ সম্পদ অনুসন্ধান কার্যক্রম পরিচালনার চুক্তিনামাকে আরও আধুনিক ও শক্তিশালী করা।

সমুদ্রাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানে ভবিষ্যৎ বিনিয়োগ এবং কারিগরি কার্যক্রম সহজতর করতে সংশোধিত খসড়া প্রস্তাবটি নীতিগত অনুমোদনের সুপারিশ করে কমিটি।

সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু বিদ্যুৎ উৎপাদন ও আমদানিকারক প্রতিষ্ঠানকে ভর্তুকি প্রদানের বিষয়ে বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

বিস্তারিত পর্যালোচনার পর কমিটি প্রস্তাবটিতে ‘আংশিক নীতিগত অনুমোদন’ দিয়েছে। এর ফলে ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি, আদানির ঝাড়খণ্ড বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানিকৃত বিদ্যুৎ, সরকারি বিদ্যুৎকেন্দ্র এবং যৌথ উদ্যোগে পরিচালিত বিদ্যুৎ প্রকল্পগুলো সরকারের ভর্তুকি সুবিধার আওতায় আসবে।