পরিবহন ভাড়া বাড়লো: অতীতে জ্বালানির দাম কমলেও ভাড়া কমেনি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬):
ডিজেলচালিত পরিবহন ভাড়া বাড়লো। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেলচালিত পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। তবে সিএনজিচালিত বাস ভাড়া অপরিবর্তিত থাকবে।
২০২২ সালে রেকর্ড পরিমাণ জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন ভাড়াও বাড়ানো হয়েছিল। পরে জ্বালানি তেলের দাম কমলেও পরিবহন ভাড়া কমেনি।
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলচালিত পরিবহন ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা- চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা;
আন্তঃজেলা ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকায় ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে।
সর্বনিম্ন ভাড়া আগের মতই ১০ টাকা থাকবে।
সিএনজি চালিত পরিবহনের ভাড়া বাড়েনি।
পরিবহন মালিকদের সাথে কয়েক দফা বৈঠকের পর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে সড়ক মন্ত্রী
ভবিষ্যতে জ্বালানির দাম কমলে পরিবহন ভাড়াও কমানো হবে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ বেশি নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, রেল ও নৌপথের ভাড়া বাড়ানো হয়নি। দ্রুতই পুনঃনির্ধারণ করা হবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া।