বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ: উত্তরাঞ্চলে ভোগান্তি বাড়লো
দিনাজপুর প্রতিনিধি, দিনাজপুর (বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬):
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কয়লার সঙ্গে পাথর আসায় বয়লার পাইপ ফেটে গেছে। এতে উৎপাদন বন্ধ হয়ে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত ১০টার দিকে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। চালু থাকা একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল।
বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎকেন্দ্রর উৎপাদন বন্ধ হওয়ায় দিনাজপুরসহ উত্তরের ৮ জেলা বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, এটি মেরামত করে আবার উৎপাদন শুরু করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। এর আগে দীর্ঘদিন থেকেই বন্ধ রয়েছে ওই বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ২ নম্বর ইউনিট এবং ২৭৫ উৎপাদন ক্ষমতার ৩ নম্বর ইউনিটি।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটে উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট। আর তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট। এর মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ। আর ২৭৫ মেগাওয়াট ক্ষমতা তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১লা নভেম্বর থেকে বন্ধ আছে।