বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়াতে একমত ট্রাম্প, সি ও পুতিন
ইবি ডেস্ক, ঢাকা (বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬):
বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও সংকট মোকাবিলায় পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর যৌথ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া। সরবরাহ বৃদ্ধির সুনির্দিষ্ট পরিমাণ, সময়সীমা বা বাস্তবায়নের রূপরেখা ঘোষণায় উল্লেখ করা হয়নি।
চীনের শেনজেনে অনুষ্ঠিত এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ বাড়ানোর অঙ্গীকার করেছেন। এপেক সম্মেলনের ফাঁকে ১৯শে নভেম্বর এই বৈঠক হয়।
পারমাণবিক ঝুঁকি ও নিরাপত্তা:
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, জ্বালানি সরবরাহ বৃদ্ধির পাশাপাশি পারমাণবিক যুদ্ধে জয় সম্ভব নয় বলে একমত হয়েছেন তিন নেতা। পারমাণবিক ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। যদিও কোনো আনুষ্ঠানিক নিরস্ত্রীকরণ চুক্তি বা সময়সূচি ঘোষণা করা হয়নি।
বৈশ্বিক সংকট ও প্রাতিষ্ঠানিক সংস্কার: ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আলোচনার পাশাপাশি জাতিসংঘের সংস্কারের অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এখতিয়ারের অপব্যবহার নিয়ে উদ্বেগ ও সমালোচনা তুলে ধরা হয় যৌথ ঘোষণায়।
বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: বিশ্লেষকদের মতে, প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে অতিরিক্ত সরবরাহ কতটা সম্ভব তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে; কারণ রাশিয়ার তেল শোধনাগারগুলো ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি খাত ইতোমধ্যে পূর্ণ সক্ষমতায় চলছে।