‘অফশোর মডেল পিএসসি ২০২৬’-এর নীতিগত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬):

দেশের সমুদ্রাঞ্চলে জ্বালানি অনুসন্ধানে বিদেশি কোম্পানির সাথে চুক্তি করতে উৎপাদন অংশীদারিত্ব চুক্তি ২০২৬ এর খসড়ার (বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’) নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

এই খসড়ার আলোকে বিদেশি কোম্পানির সাথে চুক্তি করা হবে। চূড়ান্ত অনুমোদন হওয়ার পর দ্রুত সমুদ্র তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার উদ্যোগ নিচ্ছে পেট্রোবাংলা।

সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ খাতে ভর্তুকি-সংক্রান্ত একটি প্রস্তাবও বৈঠকে আংশিকভাবে অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সিসিইএ’র এ বছরের ১৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাসস জানিয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত এই প্রস্তাবের লক্ষ্য হলো সমুদ্রবক্ষে হাইড্রোকার্বন বা খনিজ সম্পদ অনুসন্ধান কার্যক্রম পরিচালনার চুক্তিনামাকে আরও আধুনিক ও শক্তিশালী করা।

সমুদ্রাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানে ভবিষ্যৎ বিনিয়োগ এবং কারিগরি কার্যক্রম সহজতর করতে সংশোধিত খসড়া প্রস্তাবটি নীতিগত অনুমোদনের সুপারিশ করে কমিটি।

সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দিষ্ট কিছু বিদ্যুৎ উৎপাদন ও আমদানিকারক প্রতিষ্ঠানকে ভর্তুকি প্রদানের বিষয়ে বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

বিস্তারিত পর্যালোচনার পর কমিটি প্রস্তাবটিতে ‘আংশিক নীতিগত অনুমোদন’ দিয়েছে। এর ফলে ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি, আদানির ঝাড়খণ্ড বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানিকৃত বিদ্যুৎ, সরকারি বিদ্যুৎকেন্দ্র এবং যৌথ উদ্যোগে পরিচালিত বিদ্যুৎ প্রকল্পগুলো সরকারের ভর্তুকি সুবিধার আওতায় আসবে।