বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু আদানির

সংবাদ বিজ্ঞপ্তি, ঢাকা (বুধবার, ১০ই জুন ২০২৬):

চীনের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) চালু করেছে ভারতের বৃহৎ নবায়নযোগ্য জ্বালানি কোম্পানি আদানি গ্রিন এনার্জি লিমিটেড। যার সক্ষমতা ৩ হাজার ৩৭০ মেগাওয়াট-আওয়ার। পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ থেকে এসব ব্যাটারি চার্জ হবে এবং সূর্যের আলোর অনুপস্থিতিতে এ সক্ষমতায় চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এ স্থাপনায় এতটাই বিদ্যুৎ সঞ্চয় করা সম্ভব যা একদিনে একটানা প্রায় দশ লাখ পরিবারের চাহিদা মেটাতে সক্ষম। এছাড়া, এক কোটি বিশ লাখের বেশি এলইডি বাল্ব একটানা দশ ঘণ্টা জ্বালিয়ে রাখার মতো সক্ষমতাও রয়েছে এই স্থাপনাটির।

চীনের বাইরে বিশ্বের বৃহত্তম একক-অবস্থানের ব্যাটারি স্টোরেজ স্থাপনাও এটি। আর বিশ্বজুড়ে দ্রুততম সময়ে বাস্তবায়িত প্রকল্পগুলোর অন্যতম। জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে আসা এবং পরিবেশের কথা বিবেচনা করে বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে সৌর বিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুৎ দিনের পাশাপাশি রাতেও ব্যবহারের জন্য একইসঙ্গে ব্যাটারি ব্যাঙ্ক স্থাপনের উপর গুরুত্ব বাড়ছে। উন্নত অনেক দেশ স্থাপিত মোট সৌরবিদ্যুতের অন্তত ২০ শতাংশ ব্যাটারি স্টোরেজ সুবিধা নিশ্চিত করার উপর জোর দিচ্ছে যাতে বেশিরভাগ সময়ই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়।

এরই অংশ হিসেবে ভারতের গুজরাটের খাভডায় আগেই ২০০০ মেগাওয়াট-আওয়ার বিইএসএস চালু করেছিলো আদানি গ্রিন এনার্জী লিমিটেড। সম্প্রতি সেখানে আরও ১৩৭০ মেগাওয়াট-আওয়ার সিস্টেম স্থাপন করার কারণে মোট সক্ষমতা দাঁড়িয়েছে ৩৩৭০ মেগাওয়াট-আওয়ার। মাত্র ১০ মাসের মধ্যে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করেছে প্রতিষ্ঠানটি, যা বৈশ্বিক স্তরে ব্যাটারি স্টোরেজ স্থাপনার ক্ষেত্রে একটি রেকর্ড।

এই প্রকল্প চালুর মাধ্যমে বিদ্যুৎ গ্রিডের নির্ভরযোগ্যতা বৃদ্ধি, অধিক চাহিদার সময়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানিকে দিনরাত চব্বিশ ঘণ্টা ব্যবহারযোগ্য করে তোলার ক্ষেত্রে একটি মাইলফলক অর্জিত হয়েছে। এটি একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে কারণ ব্যাটারি স্টোরেজ গ্রিডকে স্থিতিশীল রাখতে এবং নিরবচ্ছিন্ন সবুজ বিদ্যুৎ সরবরাহে সহায়তা করবে।

কোম্পানিটি তাদের এই বিইএসএস সিস্টেম আগামী ২০২৭ অর্থ বছরে অন্তত ১০০০০ মেগাওয়াট-আওয়ার এবং পরবর্তী পাঁচ বছরে তা ৫০,০০০ মেগাওয়াট-আওয়ার সক্ষমতায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে।

আদানি গ্রিন এনার্জি লিমিটেডের নির্বাহী পরিচালক সাগর আদানি বলেন, “নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা দ্রুত বৃদ্ধির সাথে সাথে নির্ভরযোগ্য ও চব্বিশ ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিএসইএস অবকাঠামো অপরিহার্য হয়ে পড়েছে। ভারতের ‘ক্লিন এনার্জী ট্রানজিশনের’ ক্ষেত্রে এই প্রকল্পটি বড় ভূমিকা রাখছে। খাভডায় এই ব্যবস্থা চালুর মাধ্যমে আমরা পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি ব্যবস্থার ভিত্তি মজবুত করছি।”

প্রকল্পটিতে বিদ্যুৎ সঞ্চয়ের জন্য ব্যবহার করা হয়েছে উচ্চ সক্ষমতা সম্পন্ন লিথিয়াম-আয়ন ব্যাটারি। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। আদানি গ্রিন এনার্জি লিমিটেড ২০২৯ সালের মধ্যে খাভডায় ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে। এরইমধ্যে শেষ হয়েছে প্রায় ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ।