এলপি গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ৩রা অক্টোবর ২০২৬):
এলপি গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণ অধিকতর খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সচিবালয়ে এলপি গ্যাস আমদানিকারকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
অবৈধ মজুদ করা হচ্ছে না বলে বৈঠকে জানান আমদানিকারকরা।
বৈঠকে এলপি গ্যাসের চাহিদা ও আমদানি পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। জানানো হয়, চাহিদা অনুযায়ী এলপি গ্যাস আমদানি করা হয়েছে। তবু কোথাও কোথাও সরবরাহে ঘাটতি আছে। চাহিদা অনুযায়ী আমদানি হলেও কেন ঘাটতি আছে এবং দাম বেশি নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী।
গত কয়েকদিন এলপি গ্যাস সরবরাহে অস্থিরতা চলছে। নির্ধারিতের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে গ্রাহককে। কোনো কোনো জায়গায় বেশি দাম দিয়েও পাওয়া যাচ্ছে না।
ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক ও ইস্ট-কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীসহ অন্য উদ্যোক্তারা এসময় উপস্থিত ছিলেন।