কক্সবাজারের ইনানীতে আরও ১৫দিন গ্যাস উদ্গিরণ হতে পারে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ১লা নভেম্বর ২০২৬):

কক্সবাজারের উখিয়ায় ছোট ইনানী সেতু এলাকায় মঙ্গলবার গভীর নলকূপ খননের সময় এক হাজার ফুট খননের পর ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। আরও ১৫দিন এই গ্যাস উদ্গিরণ হতে পারে বলে জানিয়েছে বাপেক্স।

রোববার পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার পরপরই বাপেক্সের দুইজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে  পাঠানো হয়। তারা কক্সবাজারে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগুন ছড়িয়ে পড়া রোধে গ্যাসকে উন্মুক্তভাবে নির্গমণের সুযোগ দেওয়া হচ্ছে। আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ক্রমান্বয়ে কমে আসতে পারে। যথানিয়মে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞদের মাধ্যমে বিকল্প ব্যবস্থা হিসেবে অগ্নি নির্বাপণসহ গ্যাস প্রবাহ বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সতর্কতা হিসেবে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সর্বসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে।

পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করছে জানিয়ে বলা হয়, ঘটনাস্থল এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ, ২ডি সাইসমিক জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।