সামিট এলএনজি টার্মিনাল চালু: গ্যাস সরবরাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬):
মহেশখালীর সামিট এলএনজি টার্মিনাল চালু হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে জাহাজ থেকে গ্যাস খালাস করা যাচ্ছিল না। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রায় ১১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সামিট সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়েছে।
ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ই আগস্ট রাত ২টার দিকে প্রায় পূর্ণ সক্ষমতায় ৫৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছে সামিট।
সামিট এলএনজি জানিয়েছে, টার্মিনাল ও জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম বজায় রেখে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাংলাদেশের শিল্পের প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সামিট।