এলএনজি টার্মিনালে বয়লার বিস্ফোরণ: গ্যাস সরবরাহ হতে আরও একসপ্তাহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ২৭শে জুলাই ২০২৬):
সমুদ্রের ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করে গ্যাস সরবরাহ শুরু করতে আরও একসপ্তাহ লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, পুরোপুরি ঠিক হতে আরও অনন্ত দুই সপ্তাহ লাগতে পারে। অর্থাৎ চলমান গ্যাস সংকট কাটতে আরও দুসপ্তাহ সময় লাগবে। গ্যাস না থাকায় দুর্ভোগ নিয়েই চলতে হচ্ছে সকলকে।
প্রতিমন্ত্রী বলেন, দেশি বিদেশি প্রকৌশলীরা দুর্ঘটনা কবলিত টার্মিনাল মেরামতের কাজ করছে। কিন্তু কতদিনে পুরোপুরি মেরামত করা সম্ভব হবে তা নির্দিষ্ট করে এখনও প্রকৌশলীরা বলতে পারেননি।
ইউকে, ইউইএ এবং দেশের বিশেষজ্ঞরা ত্রুটি মেরামতের জন্য কাজ করছেন।
বয়লারের আগুন থেকে বিষ্ফোরণ হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
বয়লার বিস্ফোরণে প্রায় এক সপ্তাহ বন্ধ আছে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল। এতে আমদানি করা গ্যাস সরবরাহ অর্ধেকে নেমেছে। তাতেই দেশজুড়ে গ্যাস সংকট।
দৈনিক ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে আগে সরবরাহ হতো ২৭০ কোটি ঘনফুট। আমদানি অর্ধেক কমায় এখন সরবরাহ হচ্ছে ২২৫ কোটি ঘনফুট। চাহিদার প্রায় ৪০ ভাগ গ্যাস সরবরাহ নেই।
আবাসিক, বাণিজ্যিক, শিল্পসব গ্রাহকই গ্যাস সংকটের ভোগান্তি নিয়ে দিন পার করছেন।
গ্রাহকদের সংকটে দুঃখপ্রকাশ করে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সবোর্চ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা চলছে।
স্বল্প, মধ্য আর দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে গ্যাস সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভোলার গ্যাস এনে শিল্প এবং বিদ্যুৎ কেন্দ্রে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সমীক্ষা করতে চীনের বিশেষজ্ঞ দল এখন ঢাকায়। একই সাথে মালয়েশিয়া থেকে নতুন পদ্ধতিতে এলএনজি আমদানির সম্ভব্যতা যাচাইয়ে সেখানের প্রতিনিধিরা ঢাকায় অবস্থান করছেন।