এলএনজি নেই: এক্সিলারেটের টার্মিনাল বন্ধ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ১৯শে আগস্ট ২০২৬):
গ্যাস সরবরাহ আরও কমেছে। আমদানি করা গ্যাস না থাকায় এক্সিলারেট এনার্জির টার্মিনাল পুরোপুরি বন্ধ। এদিকে ১৪ কার্গো এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, বুধবার রাত আটটায় ২ হাজার ১৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এরমধ্যে দেশীয় এক হাজার ৬২৪ এবং আমদানি করা এলএনজি ৫৬১ মিলিয়ন ঘনফুট। গতকালের চেয়ে আমদানি করা গ্যাস ৭০ মিলিয়ন ঘনফুট কম সরবরাহ হয়েছে। মঙ্গলবার মোট সরবরাহ ছিল ২ হাজার ২৫৭ মিলিয়ন ঘনফুট।
টানা ২৫ দিন পর গত শনিবার সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু হয়। এতে সরবরাহ বাড়ে। আমদানি করা এলএনজির
নতুন কার্গো না থাকায় এক্সিলারেটের টার্মিনাল থেকে পর্যায়ক্রমে তিন দিন সরবরাহ কমছে। আজ বুধবার বেলা তিনটায় এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, সরাসরি ক্রয়পদ্ধতিতে বেশ কিছু কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়। এ মাসেই চারটি আসার কথা, একটিও আসেনি। সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনা কার্গোগুলো না আসায় সংকট আরও বেড়েছে। এখন টার্মিনাল তৈরি থাকলেও এলএনজি সরবরাহ করা যাচ্ছে না।
বৃহস্পতিবার একটি কার্গো আসার কথা আছে, যা সামিটের টার্মিনালে যুক্ত হতে পারে। এক্সিলারেটের জন্য কার্গো ২৩-২৪ আগস্ট আসতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। তার মানে আগামী কয়েক দিন এক্সিলারেট বন্ধ থাকবে এবং গ্যাসের সংকট বাড়বে।