চলতি মাসে দুই দফা বাড়লো এলপি গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ১৯শে এপ্রিল ২০২৬):
চলতি মাসে আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। মাসের শুরুতে যে দাম বেড়েছিল তার ধাক্কা শেষ না হতেই আবার বাড়লো।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার নতুন দাম ঘোষণা করেছে।
১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে এক হাজার ৯৪০ টাকা করা হয়েছে। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭২৮ টাকা।
নতুন হিসাবে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা।
এপ্রিলের শুরুতেই প্রতি কেজি এলপিজির দাম ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। এরপর এবার প্রতি কেজিতে ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। অর্থাৎ ১৭ দিনের ব্যবধানে ৪৯ টাকা ৯২ পয়সা বাড়লো।
বেসরকারি খাতে দাম বাড়লেও সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। ডিলার পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯৬ টাকা ৫০ পয়সা।
অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৯০ পয়সা।