ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়লো লিটারের ২০ টাকা 

oplus_2

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ২০শে সেপ্টেম্বর ২০২৬):

মাস শেষ হওয়ার আগেই বাড়লো জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী গ্রাহক পর্যায়ে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৬৫ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ১৪০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাধারণ প্রতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। কিন্তু মাসের দশ দিন বাকি থাকতেই তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হলো। এর আগে ৩১শে আগস্ট অপরিবর্তিত রেখে জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাত মাসের ব্যবধানে তিন দফা তেলের দাম বাড়ানো হয়েছে। এপ্রিল, জুন এবং এই সেপ্টেম্বরের শেষে এসে। অন্য মাসগুলোতে অপরিবর্তিত ছিল।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় ভর্তুকি কমাতে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

২০২৪ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, বর্তমান আন্তর্জাতিক বাজারদরে প্রতি লিটার ডিজেলে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকা। লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোতে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমবে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় পরিবহন, কৃষি ও পণ্য পরিবহনসহ বিভিন্ন খাতে খরচ বাড়বে।