ফার্নেস অয়েলের দাম বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ১৮ই মে ২০২৬):
ফার্নেস অয়েলের দাম আবার বাড়লো। প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা করা হয়েছে।
সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করেছে।
মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে ১২ই এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল।
বিইআরসি জানিয়েছে, মে মাসের অপরিশোধিত তেল এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় মে মাসে ফার্নেস অয়েলের এই মূল্যহার সমন্বয় করা হয়েছে।
আমদানি করা ফার্নেস অয়েলের একটি বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। দাম বৃদ্ধির ফলে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে।