বাংলাদেশ যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা সমঝোতা সই
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ১৫ই মে ২০২৬):
জ্বালানি খাতে কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
১৪ই মে যুক্তরাষ্ট্র সময় সকালে রাজধানী ওয়াশিংটন ডিসির জ্বালানি দপ্তরে সমঝোতা সই হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এতে সই করেন।
যুক্তরাষ্ট্র থেকে বছরে এক বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি করবে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই চুক্তির আওতায় বাংলাদেশ মার্কিন এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানি করবে।
চুক্তি অনুযায়ী, তেল, গ্যাস, ভূতাপীয় এবং জৈবশক্তির মতো খাতগুলোতে উভয় দেশ নিজেদের জ্ঞান ও দক্ষতা বিনিময় করবে, হবে গবেষণা।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই সমঝোতা স্মারককে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি এই উদ্যোগে সমর্থনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।
মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এই চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক অগ্রগতি’ বলে বর্ণনা করেন।
চুক্তির ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশের শিল্প ও বিদ্যুৎ খাতে জ্বালানি সংকট মোকাবিলা করা আরও সহজ হবে বলে আশা করেন তারা।
চুক্তি সই অনুষ্ঠানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং মার্কিন জ্বালানি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।