বিদ্যুতের দাম বাড়লো, ১লা জুন থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বুধবার, ৩রা জুন ২০২৬):
ভোগ্য পণ্যের মূল্যস্ফীতির মধ্যে বাড়লো বিদ্যুতের দাম। প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে বাড়ানো হয়েছে ১ টাকা ৫২ পয়সা। গড়ে প্রতি ইউনিট ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সায় করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার নতুন দাম ঘোষণা করেছে। চলতি মাস অর্থাৎ পয়লা জুন থেকেই বাড়তি দাম কার্যকর হবে।
একই সাথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডর (পিডিবি) পাইকারি
বাড়িয়ে ১ টাকা ৩৯ পয়সা এবং পিজিসিবির সঞ্চালনে ৩৮ টাকা ৮৬ পয়সা করা হয়েছে।
খুচরা গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এ ঘোষণা দেন।
আবাসিক, কৃষি, শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সেচ ও বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন—সব শ্রেণির গ্রাহককেই আগের চেয়ে বেশি দাম দিতে হবে।
আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ব্যবহারভেদে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬৯ পয়সা থেকে সর্বোচ্চ ২ টাকা ৭৪ পয়সা পর্যন্ত বেড়েছে। শতাংশের হিসাবে বিভিন্ন শ্রেণিতে দাম বেড়েছে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত।
আবাসিক প্রান্তিক গ্রাহকদের (০ থেকে ৫০ ইউনিট) প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ৩২ পয়সা, যা আগের চেয়ে ৬৯ পয়সা বা ১৪ দশমিক ৯০ শতাংশ বেশি। ০-৭৫ ইউনিট ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ১৮ পয়সা, যা ৯২ পয়সা বা ১৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।
৭৬-২০০ ইউনিট ব্যবহারে প্রতি ইউনিটের দাম হবে ৮ টাকা ৫০ পয়সা, আগের চেয়ে ১ টাকা ৩ পয়সা বেশি। ২০১-৩০০ ইউনিটের নতুন দর ৯ টাকা ১০ পয়সা, বেড়েছে ১ টাকা ৫১ পয়সা। ৩০১-৪০০ ইউনিটে ইউনিটপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৯ টাকা ৬২ পয়সা এবং ৪০১-৬০০ ইউনিটের জন্য ১৫ টাকা ১ পয়সা।
৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের প্রতি ইউনিটের জন্য ১৭ টাকা ৩৫ পয়সা, যা আগের চেয়ে ২ টাকা ৭৪ পয়সা বেশি।
কৃষি সেচে ব্যবহার করা বিদ্যুতের ইউনিটপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৪ পয়সা। এ খাতে প্রতি ইউনিটে ৭৯ পয়সা বা ১৫ দশমিক ৪ শতাংশ বাড়ানো হয়েছে।
ক্ষুদ্র শিল্পের ফ্ল্যাট রেট ইউনিটপ্রতি ১২ টাকা ৭৩ পয়সা, যা ১ টাকা ৯৭ পয়সা বেশি। শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয় ও হাসপাতালের জন্য ইউনিটপ্রতি নতুন দাম ৯ টাকা ৫ পয়সা, যা আগের চেয়ে ১ টাকা ৫০ পয়সা বেশি।
রাস্তার বাতি ও পানির পাম্পের বিদ্যুতের ইউনিটপ্রতি ১১ টাকা ৪৬ পয়সা। একইভাবে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের জন্য ১১ টাকা ৩৬ পয়সা, যা ১ টাকা ৭৪ পয়সা বেড়েছে।
বাণিজ্যিক ও অফিস শ্রেণির গ্রাহকদের ইউনিটপ্রতি ১৫ টাকা ৩৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ শ্রেণিতে দাম বেড়েছে ২ টাকা ৩৫ পয়সা বা ১৮ দশমিক ৬ শতাংশ।
শিল্প খাতেও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ৩৩ কেভি শিল্প গ্রাহকদের জন্য ইউনিটপ্রতি নতুন দর ১২ টাকা ৭৫ পয়সা এবং ১৩২-২৩০ কেভি শিল্প গ্রাহকদের জন্য ১২ টাকা ৬৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই প্রতি ইউনিটে ২ টাকা করে দাম বাড়ানো হয়েছে।