মিয়ানমার থেকে পাইপ লাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ২রা আগষ্ট ২০২৬):
মিয়ানমার থেকে পাইপ লাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ‘প্রতিবেশী প্রথম’ এই বিবেচনায় বাংলাদেশ মিয়ানমারের সাথে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এর সাথে রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ে বৈঠক করেন। এসময় মন্ত্রী এই আগ্রহের কথা জানান বলে বৈঠক সূত্রে জানা গেছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে গ্যাসের চাহিদা আছে। মিয়ানমার থেকে পাইপলানের মাধ্যমে গ্যাস আমদানি করতে চাই। মিয়ানমারের রাষ্ট্রদূত এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। পাশাপাশি এলএনজি আকারে গ্যাস আনা যেতে পারে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।
বৈঠকে মিয়ানমার থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন করার পুরানো প্রস্তাব নতুন করে আলোচনায় আনা হয়। মন্ত্রী আগের প্রস্তাবের কথা স্মরণ করিয়ে বলেন, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাইপ লাইনের মাধ্যমে গ্যাস আনার প্রস্তাব দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীর আগ্রহের কথাও তিনি জানান।
ইকবাল হাসান মাহমুদ বিস্তারিত আলোচনার জন্য দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগ্রহ প্রকাশ করেন। তিনি মিয়ানমারের জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানান। অথবা তিনি নিজেও যেতে পারেন বলে জানান।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা স্মরণ করিয়ে মন্ত্রী বলেন, চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সাথে মিয়ানমারের সাথে জ্বালানি সহযোগিতা বাড়ানো যেতে পারে। তিনি দীর্ঘমেয়াদে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।
মিয়ানমারের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ মায়ানমার যৌথ কারিগরি যে কমিটি আছে সেই কমিটি নতুন করে বৈঠক করে এ বিষয়ে পর্যালোচনা শুরু করা যেতে পারে।
এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখসহ অন্যরা উপস্থিত ছিলেন।