শিল্পে নতুন গ্যাস সংযোগ দিতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ১৬ই অক্টোবর ২০২৬):

শিল্পে গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে কমিটি গঠন করেছে জ্বালানি বিভাগ। পেট্রোবাংলার চেয়ারম্যানকে আহবায়ক করে গঠন করা কমিটিতে আছেন ব্যবসায়ীরাও। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে।

এতে সদস্য রাখা হয়েছে— বিকেএমইএ একজন পরিচালক, বিজিএমইএ একজন পরিচালক, বিটিএমইএ প্রতিনিধি, বিটিএলএমইএ সভাপতি, বিটিএমএ সভাপতি, সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার, সব গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে গ্যাস সংযোগের বিষয়ে পাওয়া প্রস্তাবগুলো পর্যালোচনা করে সাত দিনের মধ্যে সরবরাহের সুপারিশ দেবে কমিটি। প্রয়োজনে উপযুক্ত ও সংশ্লিষ্ট এক বা একাধিক ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবে।

কমিটি শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ ও সরবরাহের অগ্রাধিকার নির্ধারণ করবে।

শিল্পপ্রতিষ্ঠান থেকে পাওয়া গ্যাস সংযোগ সংক্রান্ত প্রস্তাবগুলো পর্যালোচনা করে কোন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা যেতে পারে, সে বিষয়ে সুপারিশ করবে এই কমিটি।

কোন প্রতিষ্ঠান গ্যাস পাবে, কী পরিমাণ গ্যাস পাবে এবং কখন সরবরাহ শুরু হবে—এসব বিষয়ে সুপারিশ করবে কমিটি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১৩ অক্টোবর জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

নতুন গ্যাস সংযোগ এবং বিদ্যমান সংযোগের লোড বৃদ্ধির জন্য প্রায় দুই হাজার শিল্পপ্রতিষ্ঠানের আবেদন জমা আছে। চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম থাকায় এসব আবেদন নিষ্পত্তি এবং কোন প্রতিষ্ঠানকে আগে সংযোগ বা বাড়তি গ্যাস দেওয়া হবে, সে সিদ্ধান্ত নিতে পারেনি বিতরণ কোম্পানিগুলো। এ পরিস্থিতিতে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হলো।