সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, অগ্রাধিকার পাবে ওপেক্স মডেল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ২২শে নভেম্বর ২০২৬):
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের জন্য নতুন আইন করা হয়েছে। এ আইনের আওতায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিল্পকারখানা, বাণিজ্যিক ভবন এবং অন্যান্য উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ তৈরি হবে। বিশেষ করে নিজস্ব অর্থায়নের পরিবর্তে ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনে অগ্রাধিকার দেওয়ার বিধান রাখা হয়েছে।
রোববার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’ এর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় সংসদে পাস হওয়া ২০২৬ সালের ১১৪ নম্বর এই আইনটি রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর প্রকাশ করা হয়। আইনে বলা হয়েছে, এটি ১৯ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ রহিত করা হয়েছে।
অধ্যাদেশের অধীনে আগে গৃহীত কার্যক্রম, অনুমোদন ও চলমান কার্যক্রম নতুন আইনের অধীনে সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।
নতুন এ আইনের মাধ্যমে দেশে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন, বিনিয়োগ, পরিচালনা ও তদারকির জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলো। এ আইনের বাস্তব প্রয়োগ, বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের ওপর নির্ভর করবে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের কার্যকারিতা।
ওপেক্স মডেলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। উৎপাদিত বিদ্যুতের একটি অংশ বা চুক্তি অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারকারী প্রতিষ্ঠানকে সরবরাহ করা হবে। অন্যদিকে ক্যাপেক্স মডেলে কোনো প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও মালিকানা সংরক্ষণ করবে।
আইনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে ওপেক্স মডেলকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় থাকলে ভবিষ্যৎ আর্থিক সক্ষমতা বিবেচনায় ক্যাপেক্স মডেলেও সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রাখা হয়েছে।
সার্ভিস প্রোভাইডার নিয়োগে প্রতিযোগিতা:
আইনে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি ও নির্বাচনের বিধান রাখা হয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারিত পদ্ধতিতে ওপেক্স ও ক্যাপেক্স মডেলে বিনিয়োগের জন্য যোগ্য প্রতিষ্ঠান বা কোম্পানির তালিকা তৈরি করবে। নির্ধারিত নিবন্ধন ফি প্রদানের শর্তে এসব প্রতিষ্ঠান তালিকাভুক্ত হবে।
তালিকাভুক্ত সার্ভিস প্রোভাইডারদের মধ্য থেকে গ্রাহক প্রতিযোগিতার মাধ্যমে উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন। গ্রাহক চাইলে সার্ভিস প্রোভাইডারকে বাদ দিয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমেও নির্বাচিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবেন।
ত্রিপক্ষীয় চুক্তি ও বিদ্যুৎ বিল সমন্বয়:
বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদনের বিধান রাখা হয়েছে।
নির্ধারিত চুক্তিনামা অনুযায়ী এ চুক্তি সম্পন্ন হবে। চুক্তিতে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য জায়গা ব্যবহারের অধিকার, যন্ত্রপাতির মান ও নিরাপত্তা, উৎপাদিত বিদ্যুতের ব্যবহার, অতিরিক্ত বিদ্যুৎ ব্যবস্থাপনা, বিল পরিশোধ এবং রক্ষণাবেক্ষণের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণের মেয়াদ শেষ হলে সেগুলো সংগ্রহ, পরিবহন, পুনর্ব্যবহার ও অপসারণের জন্য সার্ভিস প্রোভাইডারের ওপর দায়িত্ব দেওয়ার বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে টেক-ব্যাক স্কিম বাস্তবায়নের কথাও বলা হয়েছে।
পাঁচ কোটি টাকা পর্যন্ত সীমিত দরপত্র:
নতুন আইনে বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য ক্রয়প্রক্রিয়ায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সীমা অনূর্ধ্ব পাঁচ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ক্রয়প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক হবে না বলে আইনে উল্লেখ করা হয়েছে।
গঠন হবে জাতীয় নীতিনির্ধারণী কাউন্সিল:
বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে একটি জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এ কাউন্সিলের সভাপতি হবেন। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিরা থাকবেন।
কাউন্সিলের অন্যতম দায়িত্ব হবে বিশেষ সৌরবিদ্যুৎ বিস্তার ও জাতীয় নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে নীতিগত দিকনির্দেশনা দেওয়া। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং ওপেক্স ও ক্যাপেক্স মডেলের অগ্রগতি পর্যালোচনা করা।
জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কারিগরি ও সমন্বয় কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। জেলা কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক এবং উপজেলা কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসব কমিটি সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা, তদারকি, পরামর্শ ও প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
কাউন্সিলের অন্যতম দায়িত্ব হবে বিশেষ সৌরবিদ্যুৎ বিস্তার ও জাতীয় নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে নীতিগত দিকনির্দেশনা দেওয়া। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং ওপেক্স ও ক্যাপেক্স মডেলের অগ্রগতি পর্যালোচনা করা।
নেট মিটারিংয়ে প্রণোদনার সুযোগ:
নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে সরকার নেট মিটারিং সংক্রান্ত প্রণোদনামূলক কর্মসূচি ঘোষণা ও জারি করতে পারবে বলে আইনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) ওয়েবসাইটে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার সব তথ্য সংরক্ষণ এবং নিয়মিত পর্যবেক্ষণের বিধান রাখা হয়েছে।
আইনে আরও বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ রহিত করা হয়েছে। তবে অধ্যাদেশের অধীনে আগে গৃহীত কার্যক্রম, অনুমোদন ও চলমান কার্যক্রম নতুন আইনের অধীনে সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।
নতুন এ আইনের মাধ্যমে দেশে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন, বিনিয়োগ, পরিচালনা ও তদারকির জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলো। তবে এ আইনের বাস্তব প্রয়োগ, বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের ওপর নির্ভর করবে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের কার্যকারিতা।
সৌরবিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগে কারাদণ্ড:
নতুন আইনে সৌরবিদ্যুৎ ব্যবস্থার বিদ্যুৎ চুরি, অবৈধ সংযোগ এবং স্থাপন কার্যক্রমে বাধা দেওয়ার জন্য শাস্তির বিধান রাখা হয়েছে।
কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা এর কোনো অংশ চুরি করলে অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য অনধিক তিন বছরের কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষতিসাধন, অবৈধভাবে অন্য কাউকে সংযোগ দেওয়া কিংবা স্থাপন, সংযোগ, পরিবর্ধন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে বাধা দিলে অনধিক তিন বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
আইন অনুযায়ী এসব অপরাধ প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচার করবেন। অপরাধের তদন্ত, বিচার ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রমে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে।