প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়ীদের মতবিনিময়: ৫টি নতুন এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬):
গ্যাস সমস্যার সমাধান করতে প্রাথমিকভাবে ৩টি, পরে আরও ২টি মোট পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতাসহ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয়। সেসময় সরকারের এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিদ্যুৎ ও গ্যাসের স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পরিকল্পনা উপস্থাপন করেন।
পরিকল্পনা তুলে ধরে বলা হয়, ২০২৮ সালের আগেই তৃতীয় এফএসআরইউ এর কাজ শুরু করার চেষ্টা চলছে। যেন গ্যাসের সমস্যার সমাধান হয়। মধ্য মেয়াদে ১৫০টি গ্যাস কূপ খননের কাজ চলমান। এটি শেষ হওয়ার পর আরও ১৫০টি উদ্যোগ নেয়া হবে। এফএসআরইউ ছাড়াও ল্যান্ডবেজড টার্মিনাল, গ্যাস লাইন স্থাপন নিয়ে বহুমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের বলেন, দেশে কর্মসংস্থান, শিল্পায়ন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, খনিজ সম্পদ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
মাহদী আমীন বলেন, তেল, গ্যাস এবং কয়লা থেকে সমন্বিত বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে সরকার। সৌরবিদ্যুতে গুরুত্ব দেয়া হচ্ছে। সরকার ও বেসরকারিখাত মিলে দেশ এগিয়ে নিয়ে যাওয়া হবে মন্তব্য করে বলেন, অর্থনৈতিক অগ্রযাত্রায় শিল্পায়ন করতে সহায়তা দেবে সরকার।