ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

বঙ্গপোসাগরে ভাসমান তরল প্রাকৃতিক গ্যাস রূপান্তর জাহাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬):

বয়লার বিস্ফোরণে প্রায় দুই সপ্তাহ বন্ধের পর আংশিক চালু হয়েছে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল। এতে আমদানি করা গ্যাস সরবরাহ বেড়েছে। তবে আমদানি করা গ্যাসের পুরোপুরি সরবরাহ হতে আরও দুই তিন দিন লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ সংকটও কমে যাবে।

মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ হওয়াম আমদানি করা গ্যাস সরবরাহ অর্ধেকে নেমেছিল। তাতেই দেশজুড়ে গ্যাস সংকট ছিল গেল প্রায় দুই সপ্তাহ।

দৈনিক ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে আগে সরবরাহ হতো ২৭০ কোটি ঘনফুট। আমদানি অর্ধেক কমায় সরবরাহ হচ্ছিল ২২৫ কোটি ঘনফুট গ্যাস। টার্মিনাল বন্ধ হওয়ায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। ফলে সংকটের মধ্যে আরও সংকট তৈরি হয়।

সবমিলিয়ে চাহিদার প্রায় ৪০ ভাগ গ্যাস সরবরাহ কম ছিল । আবাসিক, বাণিজ্যিক, শিল্পসব গ্রাহকই গ্যাস সংকটের ভোগান্তি নিয়ে দিন পার করেছে।