জ্বালানি খাতে ২৯৩ অভিযান, ৭৮ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ২৮শে মার্চ, ২০২৬):

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনে ২৯৩টি অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এতে ৭৮টি মামলার পাশাপাশি তিন লাখ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুক্রবার দেশের ৬২টি জেলায় একযোগে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

জ্বালানি বিভাগের ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোথাও জ্বালানি সংক্রান্ত অনিয়ম লক্ষ্য করলে বা সন্দেহ হলে সংশ্লিষ্ট পরিদর্শন দলের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।